ভারত ও বাংলাদেশের ছিটমহলবাসিন্দারা শুক্রবার মধ্যরাত থেকে স্বাধীন দেশের নাগরিকের পূর্ণ মর্যাদা পেতে যাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আজ মধ্যরাত থেকেই বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ছিটমহলগুলোতে নিজ নিজ দেশের পতাকা উড়বে। এর মধ্য দিয়েই অবসান হচ্ছে তাদের ৬৮ বছরের দুঃসহ ও গ্লানিকর জীবন। এজন্য ছিটমহলবাসীদের জানাই অভিনন্দন। তাদের জন্য কামনা করছি সুন্দর এক জীবনের।
অভিনন্দন বার্তায় পরিকল্পনা মন্ত্রী আরো উল্লেখ করে বলেন, ছিটমহলবাসীদের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমার (পরিকল্পনা মন্ত্রী) আলোচনা হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) নির্দেশ দিয়ে বলেছেন যে এখন থেকে ছিটমহলবাসীরাও এ দেশের নাগরিক। দেশের অন্যান্য নাগরিকদের সাথে তাদের কোন পার্থক্য নেই। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে যে ধরনের প্রকল্প নেয়া দরকার পরিকল্পনা মন্ত্রণালয় যেন সে ধরনের প্রকল্প হাতে নেয়।
পরিকল্পনা মন্ত্রী এ প্রসঙ্গ টেনে অভিনন্দন বার্তায় আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী পরিকল্পনা মন্ত্রণালয় ছিটমহলবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রকল্প তৈরির কাজ অচিরেই হাতে নিতে যাচ্ছে। একটি উচ্চ পর্যায়ের কমিটি এ কাজের প্রয়োজনীয় তদারকি করবে বলেও তিনি তার বার্তায় উল্লেখ করেন।
