ঈদ উল আজহায় 'মুসাফির'

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ২১:০৯

আরিফিন শুভ ও মারজান জেনিফা জুটির প্রথম সিনেমা ‘মুসাফির’ মুক্তি পাচ্ছে আগামী ঈদে। সিনেমাটির শুটিং এরইমধ্যে শেষ হয়ে গেছে, এখন পুরোদমে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানান সিনেমার পরিচালক আশিকুর রহমান আশিক।

আশিক বলেন, আমাদের চলচ্চিত্রের পুরোনো চেহারা পাল্টে দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করছি ছবিটি। সবকিছুর মধ্যেই পরিবর্তন এনেছি। ঢালিউডের ইতিহাসে প্রথম বারের মতো হলিউড স্টাইলে ফাইটিং পরিচালিত হচ্ছে ছবিটিতে। ছবিটির ফাইটিং পরিচালনা করছেন সিঙ্গাপুরের খ্যাতিমান ফাইট ডিরেক্টর অ্যাডওয়ার্ড মিঠু। গল্পটা অ্যাকশন থ্রিলার, তবে অনেক মজার। ছবিতে দর্শকরা ভিন্ন স্বাদ পাবেন।

পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মাণাধীন ছবিটির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক নিজেই। অভিনয় করেছেন আরিফিন শুভ ও মারজান জেনিফা, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং, রেবেকা ও মিশা সওদাগর।