নিখোঁজ মালয়েশিয়ার নিখোঁজ বিমান এএমএইচ-৩৭০ এর রহস্য জট খুলছে! ভারত মহাসাগরে ফ্রান্সের মালিকানাধীন লা রিইউনিয়ন দ্বীপের সৈকতে বুধবার পাওয়া বিমানের ধ্বংসাবশেষটি বোয়িং বিমান ৭৭৭ এর অংশ বলে নিশ্চিত করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার উপ-পরিবহন মন্ত্রী আবদুল আজিজ কাপরাউই বলেন, বিমানের যে অংশটি পাওয়া গেছে সেটি বোয়িং বিমান ৭৭৭ এর। মালয়েশিয়া এয়ারলাইন্স এ তথ্য আমাদের জানিয়েছে। কর্তৃপক্ষের এমন তথ্যে মালয়েশিয়ার নিখোঁজ বিমান এএমএইচ-৩৭০ এর ধ্বংসাবশেষ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। কারণ এমএইচ-৩৭০ এর ওই ফ্লাইটের বিমানটি ছিলো বোয়িং ৭৭৭। তবে কেউ কেউ বলছেন ফ্রান্সের দ্বীপে বিমানের ধ্বংসাবশেষ মেলার পর নিখোঁজ বিমানের রহস্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রায় ১৬ মাস আগে নিখোঁজ হওয়া বিমানটিতে যাত্রী ও ক্রু ছিলো ২৩৯ জন। খুঁজে পাওয়া বিমানের অংশটি ফ্রান্সের তৌলুস সামরিক পরীক্ষাগারে পাঠানো হবে। এএফপি বলছে, আজ শনিবার নাগাদ এটি গবেষণাগারে নেয়া হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-৩৭০ নামে পরিচিত একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। এতো দিনে বিমানের নিখোঁজের কোনো তথ্য মেলেনি। রিইউনিয়ন দ্বীপের এক প্রত্যক্ষদর্শীর মতে, বিমানের ওই ধ্বংসাবশেষটি দীর্ঘ দিন পানিতে ছিল। পরে ভাসতে ভাসতে সৈকতে এসে পৌঁছায়।
