শোক দিবসে জন্মদিনে কেক না কাটার আহ্বান নাজমুল হুদার

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১২:৪৭
বিএনএফ’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজমুল হুদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আহ্বান জানিয়ে বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিনের কেক কাটবেন না। 
 
শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
 
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ১৫ আগস্ট আপন‍ার জন্মদিন হতে পারে, কিন্তু ভুলে যাবেন না এটি আমাদের জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করেছিলেন। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। এজন্য বিশ্ব দরবারে আমরা প্রশংসিত। তাই শোক দিবসে জন্মদিনের কেক কাটবেন না। আসুন, সবাই মিলে জাতীয় শোক দিবস পালন করি।