ইংল্যাণ্ডের দক্ষিণাঞ্চলে শুক্রবার সৌদি আরবের একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন মারা গেছেন। বিমানটি একটি গাড়ি নিলামঘরে বিধ্বস্ত হয়। খবর এএফপি’র।
ফেনম ৩০০ বিমানটি হাম্পশায়ারের ব্ল্যাকবুশ বিমানবন্দরে অবতরণের সময় পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানটির ওপর বিধ্বস্ত হয়ে বিমানটির চালক ও ৩ যাত্রী মারা যায়।
হ্যাম্পশায়ার পুলিশের ভারপ্রাপ্ত প্রধান পরিদর্শক ওলগা ভেনার বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে, বিমানটিতে চালকসহ চার আরোহী ছিল।
তিনি আরও বলেন, এটা দুঃখজনক যে, এই ঘটনায় বিমানটির আরোহীদের সকলেই মারা গেছেন।
ব্রিটিশ কার অকশনের বাইরের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকটি গাড়ি বিক্রির জন্য রাখা হয়েছিল। ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠে যাচ্ছে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে।
অ্যান্ড্রু টমাস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, বিমানটি গাড়িগুলোর ওপর বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়। তিনি সে সময় সেখানে গাড়ি কিনছিলেন।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন এক বিবৃতিতে জানায়, বিমানটি সৌদি আরবের নিবন্ধিত। দুর্ঘটনার কারণে অনুসন্ধানে তারা ব্রিটিশ তদন্তকারীদের সঙ্গে কাজ করছে।
