ভোলার চরফ্যাশনের চর কুকরী মুকরীর মনুরা ঘাট থেকে মাছ ধরার জন্য সাগরে গিয়ে নিখোঁজ দুই ট্রলার ও ২৭ মাঝি মাল্লার মধ্যে বোরহান উদ্দিনের গংগাপুর ইউনিয়নের গনি বদ্দারের ট্রলারটি ১০ জন মাঝি মাল্লা নিয়ে মনুরা ঘাটের দিকে আসার খবর পাওয়া গেছে।
ঐ ট্রলারে অবস্থানরত মাঝি হুমায়ুন কবির মোবাইল ফোনে ইত্তেফাককে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনিসহ ট্রলারে যে সকল জেলেরা রয়েছেন তারা হলেন- গনি বদ্দার, ইউনুছ, হাসান, সবুজ, আলাউদ্দিন, জাকির, নুরে আলম, ফারুক ও নয়ন।
হুমায়ুন কবির জানান, রবিবার সমুদ্রে গিয়ে জাল ফেলে মাছ না পাওয়ায় তারা মনুরা ঘাটে ফেরার সময় সোমবার সকাল ১০টায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে স্রোতের টানে তাদের ট্রলারটি গভীর সমুদ্রের দিকে নামিয়ে নিয়ে যায়। সেই থেকে গত শুক্রবার পর্যন্ত তারা নদীতে ভাসতে থাকে এবং ট্রলারে পাল তুলে আস্তে আস্তে কিনার খোঁজার এক পর্যায়ে শনিবার ভাষান চর নামক স্থানে পৌছে মোবাইল নেটওয়ার্ক পায়। সেখান থেকে স্বজনদের ফোন করলে গনি বদ্দারের ভাই বসু বদ্দার ও তছির বদ্দার কুকরীর মনুরা ঘাট থেকে ২টি ট্রলার নিয়ে ভাষান চর গিয়ে তাদেরকে টেনে নিয়ে আসছে।
তিনি আরো জানান, সমুদ্রে থাকাকালীন ঘূর্ণিঝড় ‘কোমেন’র কোনো আলামত কিংবা খবর তাদের জানা ছিল না। তাদের ট্রলারটি স্বাভাবিকভাবে সমুদ্রে ভাসমান ছিল। তবে সামান্য কিছু বাতাস বৃদ্ধি তারা লক্ষ্য করেছেন।
মনুরা ঘাটের আড়ত্ মালিক হোসেন মৃধা জানান, গনি বদ্দারের ট্রলার ও মাঝি মাল্লাদের খোঁজ মিললেও মহিউদ্দিন মাঝির ট্রলার ও ১৪মাঝি মাল্লা খোঁজ মিলেনি।
