ইংরেজী ভাষা শিক্ষকদের দক্ষতাকে শাণিত করতে সিলেট অঞ্চলে শনিবার একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে রবি ও দি ডেইলি স্টার। সিলেট বিভাগের ২৫টি বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষক এতে অংশ গ্রহণ করেন।
রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। এছাড়া দি ডেইলি স্টারের ইআইএস কর্মসূচির কনসালটেন্ট ড. সালেহউদ্দিন আহমেদ ও রবি’র কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেসপনসিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচির প্রাথমিক উদ্দেশ্য হলো নির্বাচিত বিদ্যালয়গুলোর ইংরেজি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা। দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষকদের সামনে ইংরেজি ভাষা শিক্ষা প্রদানে আধুনিক সরঞ্জামাদির ব্যবহার ও কৌশলগুলো তুলে ধরা হয়।
সিলেট, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের ১০০টি বিদ্যালয়ের ইংরেজী শিক্ষকরা চলমান ইংলিশ ইন স্কুল প্রকল্পের আন্তর্ভূক্ত। প্রকল্পের আওতায় প্রতিটি এলাকার ২৫টি বিদ্যালয়ে দি ডেইলি স্টারের সোমবারের সংখ্যাটি প্রদান করা হচ্ছে। ঐদিন ‘ইংলিশ ইন স্কুল’ নামে একটি সাময়িকী প্রকাশ করা হয় যা শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য একটি শিক্ষা সহায়ক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
