বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) ইপিজেডগুলো সদ্যসমাপ্ত ২০১৪-১৫ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সক্ষম হয়েছে।
আলোচ্য সময়ে ৮টি ইপিজেড থেকে মোট ৫৭০ কোটি মার্কিন ডলারের রফতানি লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি হয়েছে ৬১১ কোটি ডলার। এটি দেশের মোট রফতানির প্রায় ২০ শতাংশ।
অন্য দিকে, ইপিজেড এলাকায় গত অর্থবছরের চেয়ে ৭ শতাংশ বা ৪১ কোটি ডলারের রফতানি বেশি হয়েছে। বেপজার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের ২০১৩-১৪ অর্থবছরে রফতানি পরিমাণ ছিল ৫৫৩ কোটি ডলার। অর্থাত্, সদ্যসমাপ্ত অর্থবছরে রফতানি বেড়েছে প্রায় ১১ শতাংশ।
ইপিজেড প্রদত্ত পরিসংখ্যা পর্যালোচনায় দেখা গেছে, ৮টি ইপিজেড থেকেই রফতানি গত অর্থবছরের চেয়ে বেড়েছে। এর মধ্যে চট্টগ্রাম ইপিজেড থেকে ২৮৩ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার, ঢাকা ইপিজেডে ১৯৯ কোটি ৭৫ লাখ ডলার, কর্ণফুলী ইপিজেডে ৭০ কোটি ৯৭ লাখ ডলার, আদমজী ৪৬ কোটি ৭৪ লাখ ডলার, কুমিল্লা ২৭ কোটি ৪৬ ডলার, মংলা ৮ কোটি ৪৩ লাখ ডলার, ঈশ্বরদী ১০ কেটি ৮২ লাখ ডলার ও উত্তরা ইপিজেড থেকে ৮ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে।
