সামরিক শাসক থেকে রাষ্ট্রপতি, গণআন্দোলনে পতনের পরেও কারাবন্দি অবস্থায় একাধিক আসনে ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত, বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়া এবং এখনো দাপটের সঙ্গে রাজনীতিতে টিকে থাকার জন্য জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে ‘জাতিসংঘ’ একটি পুরস্কার দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে, তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। এ পুরস্কার গ্রহণ করতে এরশাদের রবিবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে—পুরস্কারের সঙ্গে জাতিসংঘের কোনো সম্পর্ক নেই। এমনকি পুরস্কার নেয়ার জন্য এবং প্রদান অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অর্থ দিতে হবে। এ খবর জানার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন এরশাদ।
তবে জাপার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ইত্তেফাককে বলেন, ‘এরশাদ অসুস্থ, তাই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না।’
পুরস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ‘পুরস্কার চলে আসবে।’
জানা গেছে, ‘উই কেয়ার ফর হিউম্যানিটি’ নামের নিউ ইয়র্ক- ভিত্তিক একটি সংস্থা এ বছর তাদের ‘গ্লোবাল অফিসিয়ালস অব ডিগনিটি’ (গড) অ্যাওয়ার্ডসের জন্য বিভিন্ন দেশের ২৪ জনের সঙ্গে এরশাদকেও বেছে নিয়েছে। ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অন ইউনিভার্সাল কারেজ অ্যান্ড হিরোইজম’ ক্যাটাগরিতে এবার এরশাদকে এ সম্মামনা দেয়ার কথা জানানো হয়েছে। ৫ থেকে ৭ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিন দিনব্যাপী সম্মেলনে এ সম্মাননা দেয়ার কথাও জানানো হয়েছিল এরশাদকে।
এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘উই কেয়ার ফর হিউম্যানিটি’র বিভিন্ন প্রকল্পের তহবিলের একটি বড় অংশ সংগ্রহ করা হয় বলেও জানানো হয়। এবারের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তিন দিনের জন্য মাথাপিছু দুই হাজার ডলার করে দিতে হবে। আর শুধু পুরস্কার বিতরণের দিন উপস্থিত হলে দিতে হবে এক হাজার ডলার করে।
এরশাদের জাপা থেকে এ পুরস্কারকে ‘জাতিসংঘের পুরস্কার’ বলে প্রচারণা চালানো হলেও জাতিসংঘ মহাসচিবের সচিবালয়ের কর্মকর্তারা এরই মধ্যে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন—পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঙ্গে জাতিসংঘের কোনো সম্পর্ক নেই। ত্রিনিদাদ মিশন এ আয়োজনে সার্বিক সহায়তা দিচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তার উপস্থিত থাকার সম্ভাবনা কম।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে মোমেনও জানিয়েছেন—এক হাজার ডলার ফি দিয়ে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না।
