উত্তরায় তরুণীকে গণধর্ষণের আলামত মিলেছে

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ২২:০৮
 
 
রাজধানীর উত্তরায় গণধর্ষণের শিকার তরুণীর ডাক্তারি পরীক্ষায় গণধর্ষণের আলামত পাওয়া গেছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণীর মেডিকেল ও ফরেনসিক পরীক্ষার পর এ সব কথা জানান চিকিত্সকরা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ধর্ষিত ওই তরুণীর চিকিত্সা চলছে।  এ দিকে এ ঘটনায় গ্রেফতার আরিফসহ তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়কারী বিলকিস বেগম জানান, ধর্ষিত তরুণীর মেডিকেল ও ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় গণধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ছাড়া তরুণীর বয়স নির্ধারণ ও অন্য বিষয় জানানোর জন্য তার এক্সরে ও অন্যান্য পরীক্ষাও করা হয়েছে। সেগুলোর রিপোর্ট কাল (রোববার) পাওয়া যাবে। তখন বিস্তারিত বুঝা যাবে।
 
এ দিকে, শুক্রবার দুপুরে তরুণীর সহকর্মী আরিফকে (২৫) র্যাব এবং রাতে উত্তরা-৩ নম্বর সেক্টর থেকে আরিফের সহযোগী সাদিকুল ইসলাম বাবু (২১) এবং আশুলিয়ার জিরাবো থেকে অপর সহযোগী আসলাম উদ্দিন আসলামকে (২২) গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
 
উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারা দুজনকে ও র্যাব একজনকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদের একজনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা রয়েছে। এ ছাড়া, হায়দার নামে একজন পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উত্তরার একটি মেগাশপের বিক্রয়কর্মীকে (১৭) একই এলাকায় অবস্থিত রাজলক্ষ্মী মার্কেটের পেছনের নির্মাণাধীন ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তার সহকর্মী আরিফ ও তার বন্ধুরা।