মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম সোহা ও সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, ছাত্রলীগের ইতিহাস বিনষ্টকারীর অভিযোগ এনে নবগঠিত জেলা ছাত্রলীগের কমিটি থেকে ৬৭ জন পদত্যাগ করেছেন। তবে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দাবি ভয়ভীতি দেখিয়ে অনেককেই পদত্যাগে বাধ্য করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
জেলা ছাত্রলীগসূত্রে জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে সাদিকুল এবং সাধারণ সম্পাদক পদে এনামুল হকের নাম ঘোষণা করা হয়। গত ২৩ জুলাই জেলা ছাত্রলীগের ১৫৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
২৩ জুলাই সাদিকুল ও এনামুলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের বহিষ্কার চেয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীসহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার সিনিয়র নেতারা প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেন।
এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর জেলা ছাত্রলীগের ৬৭ জনের পদত্যাগের কপি গত শুক্রবার রাতে সাংবাদিকদের হাতে আসে।
