চৌমুহনী শহরের করিমপুর খাল পাড়ের এক যুবক শনিবার রাতে পুলিশের গুলিতে মারা যান। এই নিয়ে এলাকার মানুষ উত্তেজিত হয়ে উঠে। পুলিশের দাবি, যুবককে গুলি করা হয়নি বা তার শরীরে কোন গুলির চিহ্ন নেই।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও মৃত যুবকের অভিভাবকের নিকট থেকে জানা গেছে, চৌমুহনী শহরের করিমপুর খাল পাড়ের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে মো. কামাল উদ্দিন (২৮) ও অপর ৪৫ জন যুবক একত্রিত হয়ে শনিবার রাত ১২টার সময় বাসার অদূরে বসে কথা বলছিলেন। এই সময় টহল পুলিশের ১টি দল এসে যুবকদের ধাওয়া করে। কয়েক জন দৌড়ে পালিয়ে গেলেও কামাল উদ্দিন মাঠের পাশের পানিতে ঝাঁপ দেন। পুলিশ এ সময়ে কামাল উদ্দিনকে লক্ষ্য করে ৩টি গুলি করে চলে যায়।
এলাকাবাসী আরও জানায়, রাতভর কামাল উদ্দিনকে খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার সকালে এলাকাবাসী জাল টেনে পানির নিচে তার লাশ খুঁজে পায়। এ নিয়ে এলাকার পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ও এর বিচার দাবি করে। রবিবার সকাল ১০টায় চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল ও বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ গোলাম ফারুক এলাকায় গিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠায়।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক জানান রাতে গুলির কোন ঘটনা ঘটেনি। লাশের গায়ে কোন গুলির চিহ্ন পাওয়া যায় নি। তবে লাশের শরীরে একটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে ঘাটনার তদন্ত করা হবে।
