১৫ আগস্টে মিথ্যা জন্মদিনে কেক না কাটার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।
রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেয়া ৪০ দিনের সকল কর্মসূচী সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম।
মায়া বলেন, ‘যিনি (বঙ্গবন্ধু) তার সংসার রক্ষা করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হলেও বেগম জিয়ার জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন সাজিয়ে কেক না কেটে শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুকে তার সম্মান জানানো উচিত।’
মায়া বলেন, ‘২০১৯ সালের নির্বাচনে বিএনপিকে অংশ গ্রহণ করতে হবে এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেক কাটা বন্ধ করতে হবে। কেননা আগামী নির্বাচনে অংশ গ্রহণ না করলে বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো হবে।’
