দু’টি টেস্ট খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৭:৫৩

টুয়েন্টি টুয়েন্টি বা ওয়ানডে নয়, প্রায় নয় বছর পর তৃতীয়বারের মত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রবিবার দুপুরে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য সূচী ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে দু’টি টেস্ট ছাড়াও একটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরে দু’টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, এমন খবর আগেই নিশ্চিত ছিলো। কিন্তু সিরিজের সূচী নির্ধারিত না হওয়ায় সেখানে ওয়ানডে সিরিজ অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলো বিসিবি। কিন্তু বিসিবির প্রস্তাবে সাড়া দেয়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাই দুই ম্যাচের টেস্ট সিরিজ বহাল রেখেই আসন্ন সিরিজের সূচী ঘোষণা করলো বিসিবি।

আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া। পরের দিন থেকে টানা চারদিন একাডেমি মাঠে অনুশীলন করবে অসিরা। ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নিবে সফরকারীরা। নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এরপর ৬ অক্টোবর চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে অস্ট্রেলিয়া। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ৯ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষে ১৪ অক্টোবর ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বে সফরকারীরা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৭ অক্টোবর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট শেষে ২২ অক্টোবর দেশের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের।

এই নিয়ে তৃতীয়বার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২০০৩ সালে প্রথমবার বাংলাদেশের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিলো অসিরা। এরপর ২০০৬ সালে দ্বিতীয়বার টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিলো ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়নরা। এ নিয়ে প্রায় নয় বছর পর তৃতীয়বারের মত বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। আগের দুই সফরেই ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের সূচী :

 

তারিখ ম্যাচ ভেন্যু-
২৮ সেপ্টেম্বর ২০১৫ ঢাকায় আগমন
২৯ সেপ্টেম্বর ২০১৫ অনুশীলন ন্যাশনাল ক্রিকেট একাডেমি
৩০ সেপ্টেম্বর ২০১৫ অনুশীলন ন্যাশনাল ক্রিকেট একাডেমি
০১ অক্টোবর ২০১৫ অনুশীলন ন্যাশনাল ক্রিকেট একাডেমি
০২ অক্টোবর ২০১৫ অনুশীলন ন্যাশনাল ক্রিকেট একাডেমি
০৩-০৫ অক্টোবর ২০১৫ প্রস্তুতিমূলক ম্যাচ বিপক্ষ বিসিবি একাদশ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ
০৬ অক্টোবর ২০১৫ চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ
০৭ অক্টোবর ২০১৫ অনুশীলন জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম
০৮ অক্টোবর ২০১৫ অনুশীলন জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম
০৯-১৩ অক্টোবর ২০১৫ প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম
১৪ অক্টোবর ২০১৫ ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ
১৫ অক্টোবর ২০১৫ অনুশীলন ন্যাশনাল ক্রিকেট একাডেমি
১৬ অক্টোবর ২০১৫ অনুশীলন ন্যাশনাল ক্রিকেট একাডেমি
১৭-২১ অক্টোবর ২০১৫ দ্বিতীয় টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
২২ অক্টোবর ২০১৫ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা