গণভবনের সামনে দাঁড়িয়ে ন্যায়বিচার চান যুবক

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ২০:০৫
 
কাগজে ‘ন্যায়বিচার চাই’ লিখে দুই হাত দিয়ে বুকের সামনে মেলে ধরে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনের সামনে দাঁড়িয়েছে এক যুবক। রবিবার সকাল ৯টা থেকে গণভবনের প্রধান ফটকের উত্তর পাশে তাকে এভাবে দেখা যায়। গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট এবং পায়ে চটি, কাঁধে ঝুলানো ছিল একটি ব্যাগ।
 
যুবকের নাম আবুল কালাম আজাদ। বাড়ি নারায়াণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট এলাকায়।
 
ইত্তেফাকের সঙ্গে আলাপকালে আবুল কালাম বলেন, ‘স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি গ্রামের দরিদ্র কিছু মানুষের ৬০ থেকে ৭০ বিঘা জমি বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করছেন। এর প্রতিবাদ করতে গিয়ে জমির মালিকরা আক্রমণ ও হুমকির শিকার।’
 
গণভবনের সামনে কেন—এমন প্রশ্নের জবাবে ওই যুবক বলেন, ‘আমি গরিব মানুষ। আমাদের কথা কেউ শোনে না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার কথা পৌঁছে দিতে চাই। তিনি যদি চান, তাহলে আমিসহ গ্রামের গরিব মানুষরা উপকৃত হব।’
 
কত দিন এখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন—জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) যত দিন শুনবেন না, এভাবে দাঁড়িয়ে থাকব। প্রয়োজনে এখানে অনশন করব।’