তিন পাঁপড়ির ফুল আফরোজা বানু। রেডিও-টিভি-মঞ্চ তিন মাধ্যমেই দক্ষতার সঙ্গে সমান তালে অভিনয়ে এগিয়ে চলছেন। মাঝে বেশ কিছু নাটক পরিচালনা করেছেন। এখন আর করছেন না। এ সম্পর্কে বলেন, ‘পরিচালনা করতে গেলে অভিনয়ের ক্ষতি হয়। কারণ, সময় থাকে না। আমি আমার অভিনয়কেই বেশি গুরুত্ব দেই।’
সাম্প্রতিক নাট্যচর্চা নিয়ে আফরোজা বানুর সঙ্গে কানাডার টরন্টোর ওয়ান মেসীস্থ তার ভাইয়ের বাসায় আলাপচারিতায় প্যাকেজ নাটকের কোয়ান্টিটি বেড়েছে কিন্তু কোয়ালিটি সে ভাবে বাড়ছে না বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আগে আমরা শুধু বিটিভিতে নাটক করতাম। আর এখন ২০/২২টি টিভি চ্যানেল। সেই সুযোগ পজেটিভভাবে কাজে লাগাতে হবে। তবে দুঃখজনক হলেও সত্য, মঞ্চ নাটক অনেক ভাটা পড়েছে। সে দিকে আমাদের আরো জোর দেয়া উচিত।
আফরোজা বানু আর মহসিন রেজার ছেলে থাকেন কানাডার রাজধানী অটোয়ায় আর ভাই থাকেন টরন্টোতে। তাই প্রতি বছরই তারা ছুটি কাটাতে আসেন। এবারো সেজন্য কানাডা সফর। স্বজনদের সাথে সুন্দর সময় কাটিয়ে ৩ আগস্ট ফিরছেন ঢাকায়।
