আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক হিসাবের তথ্য দুদককে নয়

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ২১:৫৩
 
 
 
বিভিন্ন ব্যক্তির দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন বা অন্য কোন ধরনের মামলার তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার আইন অনুসারে রাষ্ট্রীয় ও বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে অভিযুক্ত ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য চেয়ে থাকে। রাষ্ট্রের আইন অনুসারে এভাবে তথ্য দেয়ার সুযোগ নেই। দুদকও আসামি বা অন্য কারোর ব্যাংক হিসাবের তথ্য চাইতে পারে না। তথ্য নিতে হলে আদালতের লিখিত অনুমতি লাগবে। এ আইনটি সূচারুভাবে পরিপালনের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।
 
দেশে বর্তমানে ৩১টি আর্থিক প্রতিষ্ঠান কার্যরত রয়েছে। সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অভিযোগ অনুসন্ধান তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের বা আসামির হিসাব সংক্রান্ত তথ্য সরবরাহের বিষয়ে ২০০৯ সালের ২৩ জুন জারি করা দুদকের আদেশ মেনে চলতে হবে।
 
দুদকের ওই আদেশে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগ সম্পর্কে দুদক কর্তৃক সুষ্ঠু অনুসন্ধান এবং মামলা তদন্তের স্বার্থে রাষ্ট্রীয় বা বাণিজিক ব্যাংক থেকে অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য চাওয়া হয়ে থাকে। প্রকৃতপক্ষে, ব্যাংকার্স বুকস্ এভিডেন্স এ্যাক্ট (বিবিইএ) ও কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সিআরপিসি) অনুযায়ী আদালতের সুনির্দিষ্ট আদেশ ব্যতীত আমানতকারী বা হিসাবধারীর হিসাব সংক্রান্ত তথ্য অন্য কোন পক্ষকে প্রদানের সুযোগ নেই।
 
তবে আদালত বা থানার ভারপ্রাপ্ত অফিসার কার্যবিধি অনুসারে তদন্ত ও বিচারের স্বার্থে প্রয়োজন মনে করলে সমন ও আদেশের লিখিত সময় ও স্থানে সংশ্লিষ্ট ব্যক্তিকে দলিলপত্র নিয়ে হাজির হতে আদেশ দিতে পারেন। কিন্তু এই সংক্রান্ত তথ্য যদি কোন ব্যাংক বা ব্যাংকারের হেফাজতে থাকে তাহলে দায়রা জজের লিখিতভাবে পূর্বানুমতি নিয়ে দন্ডবিধির ৪০৩, ৪০৬, ৪০৮ ও ৪০৯ ধারা এবং ৪২১ হতে ৪২৪ ধারা এবং ৪৬৫ হতে ৪৭৭-ক ধারা অনুযায়ী অপরাধের তদন্তের জন্য তথ্য দিতে আদেশ দিতে পারবেন। অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের লিখিত পূর্বানুমতি লাগবে। এ নিয়ম অনুসরণ না করে দুদক কোন তথ্য চাইতে পারে না, চাইলেও কোন তথ্য দেয়া যাবে না।
 
দুদকের আইনে আরও বলা হয়েছে, ব্যাংক হিসাব এর আওতাভুক্ত নয় বিধায়, দুর্নীতি দমন কমিশন আইন, পাবলিক রেকর্ড তলব করার ক্ষমতার আওতায় ব্যাংক হিসাব তলব করার বিষয়টি যথাযথ নয় বলে প্রতীয়মান হয়। এ পরিপ্রেক্ষিতে অভিযোগের বিষয়ে অনুসন্ধান কিংবা মামলার তদন্ত সংশ্লেষে অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের বা আসামির ব্যাংক হিসাব সংক্রান্ত্ত তথ্য বা কাগজপত্র ব্যাংক থেকে সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান আইনের যেন কোনরূপ ব্যতয় না ঘটে সে সম্পর্কে যত্নবান থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হলো।