বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামে শনিবার রাতে বিষপানে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে নিজেও বিষ পানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তাদেরকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে রাত ১০টার দিকে মারা যায় দুই সন্তান মৌমি (৪) ও তায়েবা (২)। আশঙ্কাজনক অবস্থায় মা রোজি আক্তারকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে সে রাতে মারা যায়। রোজি লেমুয়া গ্রামের সুনু পঞ্চায়েতের ছেলে রোমান পঞ্চায়েতের স্ত্রী। সাত বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বাবার বাড়ি সদর উপজেলার গৌরিচন্না গ্রামে। বাবাকে পুলিশ গ্রেফতার করেছে।
রোমান পঞ্চায়েতের গৃহকর্মী হারুন জানান, কয়েকদিন ধরে রোজী বিড়াল মারার কথা বলে স্বামীকে বাসুডিন (ধানের পোকা মারার ওষুধ) আনতে বলেন। স্বামী তা এনে না দেয়ায় শুক্রবার সকালে হারুন বাজার থেকে বাসুডিন এনে দেয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, যেহেতু শিশু দুটি ছোট, তাই তারা নিজেরা বিষপান করতে পারে না। ধারণা করা হচ্ছে ওর মা শিশু দুটিকে বিষপান করিয়ে তারপর নিজে বিষপান করেছে। ওসি আরো বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রোমান পঞ্চায়েতকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
