রাজধানীর কাফরুলে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আব্দুস সালাম (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দিবাগত মধ্যরাতে মিরপুর ১৩ নম্বর সেকশনের কাছে আলী হোসেন রোডের বাইশটেক এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
পুলিশ জানিয়েছে, নিহত আব্দুস সালাম রাজধানীর ভাষানটেকের বাসিন্দা। তার বিরুদ্ধে খুন, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগের ৩০টি মামলা রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (কাফরুল জোন) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সালাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একটি ডাকাত দলের সর্দার ছিলেন। রবিবার মধ্য রাতে বাইশটেক এলাকায় তার দলের বৈঠক চলছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে সালামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও গুলিও উদ্ধার এবং সালামের স্ত্রী রুবিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
