চীনে ভায়াগ্রা মেশানো মদের বিরুদ্ধে অভিযান

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১১:০৯
চীনে মদ উৎপাদনকারীরা ভায়াগ্রা মেশানো মদ বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা। 
 
দক্ষিণ চীনের লিউঝু শহরে তদন্তকারীরা ৫ হাজার ৩শ'রও বেশি বোতল জব্দ করেছেন।
 
খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত যে পরিমাণ বোতল উদ্ধার করা হয়েছে তার দাম ১ লাখ ১৩ হাজার মার্কিন ডলারের মতো। গুয়াংশি অঞ্চলের পুলিশ এখন দুইটি মদ প্রস্তুতকারক কোম্পানির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।
 
ভায়াগ্রা মেশানো এই অ্যালকোহল 'স্বাস্থ্য রক্ষাকারী গুণসম্পন্ন' বলে ক্রেতাদের বলা হচ্ছিল।
 
এছাড়া সিলডেনফিল নামে একটি সাদা পাউডারের কিছু প্যাকেট পাওয়া গেছে, যা ভায়াগ্রারই অন্য নাম।
 
লিউঝু শহরের খাদ্য ও ওষুধ প্রশাসন বলছে, চীনের সবচেয়ে জনপ্রিয় পানীয় 'বাইজিউ'-এর তিন ধরণের বোতলে এই পাউডারের অস্তিত্ব পাওয়া গেছে।
বাইজিউ হচ্ছে এক ধরণের বর্ণহীন এবং কড়া চীনা মদ।
 
চীনে নিয়ম অনুযায়ী ডাক্তারের প্রেসক্রিপশন পেলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দিনে একটি মাত্র ভায়াগ্রা খেতে পারেন, আর ৬৫ বছরের বেশি বয়েস হলে তাকে কম ক্ষমতাসম্পন্ন ভায়াগ্রা দেয়া হয়।
 
চীনে খাদ্য নিরাপত্তা একটি উদ্বেগজনক বিষয়, এখানে নানা খাবারে বিপজ্জনক পদার্থের উপস্থিতি নিয়ে অতীতে একাধিক কেলেংকারি ঘটেছে।
 
২০০৮ সালে চীনে বাচ্চাদের দুধে মেলামাইন পাওয়া গিয়েছিল, যা খেয়ে কমপক্ষে আটটি শিশু মারা যায়, আক্রান্ত হয় ৩ লাখ লোক।
 
সূত্র: বিবিসি।