১৭৮ জনকে মুক্ত করেছে নাইজেরিয়ান সেনাবাহিনী

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১১:১৫
 
জঙ্গি সংগঠন বোকো হারামের হাতে অপহৃত হওয়া ১৭৮ জনকে মুক্ত করেছে নাইজেরিয়ান সেনাবাহিনী। এদের মধ্যে শতাধিক শিশু রয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।
 
সোমবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে একটি আঞ্চলিক অভিযান পরিচালনার করার সময় অপহৃতদের উদ্ধার করা হয়েছে। 
 
এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র টুকুর গুসাউ বলেছেন, অভিযান পরিচালনা করার সময় ১৭৮ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১০১টি শিশু, ৬৭ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছেন। 
 
তিনি বলেছেন, নাইজেরিয়ার উত্তরাপূর্বাঞ্চলের বড় শহর  মাইদুুগুরির ৭০ কিলোমিটার দক্ষিণ থেকে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করার সময় বোকো হারামের এক কমান্ডারকে জীবিত আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
 
তবে ঠিক কখন অভিযান পরিচালনা করা হয়েছে তা জানাননি তিনি।