উপ-সম্পাদকীয় প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে রবিবারের মধ্যে জবাব দিতে বলেছে আদালত। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
সকালে আদালতে হাজির হয়ে জবাব দেয়ার জন্য তিনমাসের সময় আবেদন করেন জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদক। শুনানি শেষে আদালত আবেদন নাকোচ করে আগামী রবিবার পর্যন্ত সময় দেয়।
তাদের আইনজীবী সালাউদ্দিন দোলন জানিয়েছে, ঐ দিন আদালতে তাদের হাজির থাকতে হবে বলে আদেশে বলা হয়েছে।
গত ১৬ জুলাই জনকণ্ঠ পত্রিকায় ‘সাকা পরিবারের তত্পরতা, পালাবার পথ কমে গেছে’ শীর্ষক কলাম প্রকাশিত হয়। আর এটি লিখেছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। ঐ কলাম প্রকাশের জন্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিলের উপর রায় ঘোষণার পরই ২৯ জুলাই আপিল বিভাগ এই রুল জারি করে। রুলে আজ তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
