জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খালেদা জিয়ার আইনজীবীরা মামলার বাদী হারুন অর রশিদকে জিজ্ঞাসাবাদ করছেন।
দুর্নীতির এ দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি তার গুলশানের বাসা থেকে রাজধানীর বকশিবাজারে প্যারেড মাঠে বিশেষ জজ আদালতের উদ্দেশে রওনা দেন।
সোমবার দুই মামলারই বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামি পক্ষের অসমাপ্ত জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
বকশিবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তর প্যারেড মাঠে বিশেষ এজলাসে সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির দুই মামলার শুনানি চলছে।
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, বিএনপি নেত্রী সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।
এর আগে গত ২৩ জুলাই খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জিয়া দাতব্য ট্রাস্ট মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে দ্বিতীয় দিনের মত জেরা করেন।
