বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
রাজধানীর শাহজাহানপুর থানায় করা এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল সোমবার। কিন্তু আসামি পক্ষের আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে, শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ দিন ধার্য করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার এসআই আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
