কাপাসিয়ায় পূর্ববিরোধের জেরে বাড়িতে হামলায় আহত ৪

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৩:৩৩
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা রবিবার গভীর রাতে এক সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে।  এ সময় প্রতিপক্ষরা দৈনিক নয়া দিগন্তের কাপাসিয়া প্রতিনিধি মো. আবু সাইদকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়েছে। তাদের হামলায় ওই সাংবাদিকের বাবা, মা ও একজন কাজের ছেলে আহত হয়েছেন। 
 
স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিক আবু সাইদের পরিবারের সাথে প্রতিবেশী সফুল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে রবিবার গভীর রাতে সফুল মিয়া ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে আবু সাইদের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে ২টি বসত ঘরসহ ৪টি ঘর ভেঙ্গে ফেলে। এসময় সন্ত্রাসীরা আবু সাইদকে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানের হাড় ভেঙ্গে দেয়। সন্ত্রাসীরা আবু সাইদের বৃদ্ধ বাবা কুয়াদ আলী মাস্টার, মা সালেহা খাতুন ও কাজের ছেলে ইব্রাহিমকেও মারধর করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে পাঠায়। সেখান থেকে আবু সাইদকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
 
কাপাসিয়া থানার ওসি আহসান উল্যাহ সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।