আইএসবিরোধী লড়াইয়ে সমর্থনে মিশরকে কেরির ধন্যবাদ

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৪:২৭

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দেয়ায় মিশরকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মিশরে সফররত কেরি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই ধন্যবাদ জানান।

সফরের প্রথম দিন স্থানীয় সময় রবিবার মিশরের রাজধানী কায়রোয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে বৈঠকে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

মার্কিন কর্মকর্তারা জানান, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাল আল-সিসির সঙ্গেও জন কেরির বৈঠকের কথা রয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল মিশর। ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুড সমর্থিত ও প্রথমবারের মতো ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে সেনাবাহিনী। এরপর মিশরকে সামরিক সাহায্য বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। তবে গত মার্চে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এরপর সম্প্রতি মিসরকে এফ-১৬ বিমান সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র- এএফপি, আল জাজিরা ও বিবিসি।