মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগ পরিচয়ে দুই গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন এবং মাতৃগর্ভে নবজাতক ও মা নাজমা বেগম গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামি আব্দুস সোহবান ও সুমনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত।
সোমবার দুপুরে এই মামলার ৫নং আসামি সুমন ও ১৪ নং আসামি আব্দুস সোহবানের রিমান্ডের আবেদেনের শুনানি মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারাহ মামুনের আদালতে অনুষ্ঠিত হয়।
এদের দুইজনের ৭দিন করে রিমান্ডের আবদন করলে আদালত শুনানি শেষে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদের দুইজনকে পুলিশ ২৬ জুলাই গ্রেফতার করেছিল।
এদিকে, রবিবার এই মামলার অপর দুই আসামির মধ্যে ১নং আসামি সুমন সেনকে ঢ়াকার কল্যাণপুর থেকে র্যাব এবং ১৩নং আসামি নজরুল ইসলামকে মাগুরার ওয়াপদা নামকস্থান থেকে পুলিশ গ্রেফতার করে। এই নিয়ে এই মামলার ১৬জন আসামির মধ্যে পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে।
১নং আসামি সুমন সেনকে মাগুরায় আনতে ডিবি পুলিশের একটি দল ঢ়াকায় গিয়েছে। তাকে নিয়ে মাগুরার উদ্দেশে রওনা দিয়েছে।
মাগুরার পুলিশ সুপার একে এম এহসান উল্লাহজানান, অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এই ঘটনায় নিহত আব্দুল মোমিনের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। নবজাতক ও মা নাজমা বেগম বর্তমানে ঢ়াকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
