আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন মায়ার

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৫:৪৯
 
দুর্নীতি মামলায় হাইকোর্টের খালাস আদেশ বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সোমবার তিনি এই আবেদন করেন।
 
এর আগে ১৪ জুন হাইকোর্টের রায় বাতিল করে মামলাটি নতুন করে শুনানির আদেশ দেয় আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ওই আদেশ দেয়।
 
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি মোফাজ্জল হোসেন চৌধুরীকে ১৩ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। একই সঙ্গে তাঁকে পাঁচ কোটি টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
 

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী ওই রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ দুর্নীতির মামলা থেকে তাঁকে খালাস দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুদক।