অবকাশ যাপন সংক্ষিপ্ত করে ফ্রান্সের রিভিয়েরা ত্যাগ করেছেন সৌদি বাদশাহ সালমান। স্থানীয় অধিবাসীদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে সৌদি বাদশার এই প্রস্থান বলে ধারণা করা হচ্ছে।
নয় দিন আগে ফ্রান্সের রিভিয়েরার ভ্যালোরিস এলাকায় অবস্থিত নিজের ব্যক্তিগত ভিলায় অবকাশ যাপনে আসেন সৌদি বাদশা। তার সঙ্গে ছিলেন প্রায় এক হাজার সঙ্গী-সাথী। সেখানে তিন সপ্তাহ ছুটি কাটানোর পরিকল্পনা ছিলো তার।
ভ্যালোরিসের সমুদ্র উপকূলে বাদশার ব্যক্তিগত ভিলার ধার ঘেষেই অবস্থিত মিরানডো সমুদ্রসৈকত। সৌদি বাদশার নিরাপত্তা নিশ্চিত করতেই ওই সৈকতটি বন্ধ করে দেয় ফরাসি কর্তৃপক্ষ। সরকারের এ সিদ্ধান্তে স্থানীয় অধিবাসী ও পর্যটকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে একটি গণস্বাক্ষরে স্বাক্ষর করেন প্রায় এক লাখ লোক। তাদের দাবি, সরকারের সিদ্ধান্তটি আইনের চোখে সবার সমান অধিকারের বিষয়টিকে ক্ষুণ্ন করছে।
এ রকম পরিস্থিতিতে দলবলসহ রিভিয়েরা ত্যাগ করে মরক্কোর উদ্দেশে রওনা দেন বাদশাহ সালমান। তবে বিরূপ পরিস্থিতির কারণে সৌদি বাদশার ফ্রান্স ত্যাগের বিষয়টি অস্বীকার করেছে সৌদি রাজপরিবার।
বাদশার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ফ্রান্স থেকে বাদশার মরক্কো গমন তার ছুটি কাটানোর পরিকল্পনারই একটি অংশ। এর সঙ্গে ফ্রান্সে উদ্ভূত পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। তবে তিনি চলতি গ্রীষ্মে ফ্রান্সের ওই ব্যক্তিগত ভিলায় আর ফিরবেন কি-না তা এখনও পরিষ্কার নয়। এদিকে, সৌদি বাদশার ফ্রান্স ত্যাগের পর সোমবার ওই সমুদ্র সৈকত ফের খুলে দেয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
