জেলার শরণখোলা উপজেলায় ফারজানা আক্তার (১২) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ফারজানা উপজেলার ১৫ নম্বর পূর্ব রাজৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার দুপুরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব রাজৈর গ্রামে নানা আ. লতিফ হ্ওালাদারের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর ধারণা, ওই কিশোরীকে পরিত্যক্ত ঘরে ধর্ষণের পর হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
কিশোরীর নানী বকুল বেগম কান্নরত অবস্থায় বলেন, ‘গ্রামে কারো সঙ্গে আমাদের বিরোধ নেই। কি কারণে আমার আদরের নাতনী মারা গেল তা বুঝতে পারছি না। আমার মেয়েকে কি জবাব দিবে।’ উল্লেখ্য, স্বামী পরিত্যক্ত ফারজানার মা জীবিকার জন্য বিদেশে অবস্থান করছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, ধারণা করা হচ্ছে দুই-তিনদিন আগে এ ঘটনা ঘটেছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
