ফেসবুকের মাধ্যমে যে সব সম্পর্ক গড়ে উঠে তা দীর্ঘদিন টেকে। আর এ কারনে ফেসবুককে দীর্ঘস্থায়ী সম্পর্কের প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছেন ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসনের এক দল গবেষক। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গবেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে দু’জন মানুষের মধ্যে যে অঙ্গীকার তৈরি হয়, বাস্তব জীবনেও তা অটুট থাকে। ফলে সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর জরিপ চালিয়ে এই গবেষণা প্রতিবেদন তৈরি করেছেন গবেষকরা। শুধু ফেসবুক নয় সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি মাধ্যমের মাধ্যমে গড়ে উঠা সম্পর্ক ও অঙ্গীকারের মাত্রা নিয়ে ঐ গবেষণা করা হয়।
গবেষণায়, নির্বাচিত দম্পতিদের ‘ফ্রেন্ডশিপ অ্যাক্টিভিটি’ যাচাই করে দেখার জন্য তাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা হয়। এরপর দেখা হয়, সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মটিতে কোন ধরনের তথ্য কি পরিমাণে আদান-প্রদান করা হয়েছে। প্রাথমিক জরিপের পর ফেসবুকে দেয়া অঙ্গীকার কতটুকু বাস্তবে পালন করা হচ্ছে তা গবেষণা করে দেখা হয়।
