কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৪ অক্টোবর চীন আন্তর্জাতিক বেতার ‘ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী’ শীর্ষক অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন করেছে। ১০ আগস্ট থেকে অাগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় ছবি জমা দেয়া যাবে। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান এবং সংস্কৃতি, ভূগোল, অর্থনীতিসহ নানা ক্ষেত্রে অর্জিত উন্নয়নের সফলতার প্রতিফলন করা।
আশা করা হচ্ছে, অংশগ্রহণকারী চীনা ও বাংলাদেশি প্রতিযোগীর ক্যামেরায় উঠে আসবে দু’দেশের সম্পর্কের ইতিহাস, বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি ও রীতিনীতি। প্রতিযোগিতায় ল্যান্ডস্কেপ, পোট্রেট ও মানবিক আবেদনসমৃদ্ধ তিনটি ক্যাটাগরি রয়েছে।
অংশগ্রহণকারীদের ছবি bengali.china.com এবং bengali.cri.cn ওয়েবে দেয়া হবে এবং অনলাইন ভোটের ফলাফল অনুযায়ী প্রতিটি ক্যাটাগরি থেকে নির্বাচন করা হবে ৫টি ছবি। তিন ক্যাটাগরিতে মোট ১৫টি ছবি নির্বাচিত হবে। নির্বাচিত আলোকচিত্রীদের নাম উপরোক্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরবর্তীতে ডাকযোগে বিজয়ীদের পুরস্কার পাঠানো হবে।
পাশাপাশি চীন ও বাংলাদেশের আলোকচিত্র বিশেষজ্ঞদের নিয়ে একটি বিচারক-প্যানেল গঠন করা হবে। এই প্যানেল অনলাইনে সবচেয়ে বেশি ভোট-পাওয়া ১০০টি আলোকচিত্রের মধ্য থেকে প্রতিযোগিতার সেরা আলোকচিত্র বাছাই করবে। প্রতিটি ক্যাটাগরি থেকে এক জন প্রথম পুরস্কার, দুই জন দ্বিতীয় পুরস্কার এবং তিন জন তৃতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হবেন।
এরপর অক্টোবরে ঢাকায় বাংলাদেশ জাদুঘরে সেরা আলোকচিত্রগুলো নিয়ে প্রদর্শনীর আয়োজন এবং বিজয়ী আলোকচিত্রীদের পুরস্কার বিতরণ করা হবে। ডিসেম্বরে এ প্রতিযোগিতার সেরা আলোকচিত্রগুলো নিয়ে বিশেষ গ্রন্থ প্রকাশিত হবে।
অংশগ্রহণের নিয়ম:
১. ক্যামেরা ও মোবাইল ফোনসহ ছবি তোলার যে-কোনো যন্ত্র দিয়ে তোলা ছবি প্রতিযোগিতায় পাঠানো যাবে। তবে আলোকচিত্রের বিষয় চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও স্থানীয় সংস্কৃতির বৈশিষ্ট্যের ভিত্তিতে হওয়া উচিত।
২. JPG ফরম্যাটের প্রতিটি ছবি কমপক্ষে ১৫০০ পিক্সেল হতে হবে।
৩. একজন প্রতিযোগী সর্বোচ্চ পাঁচটি আলোকচিত্র পাঠাতে পারবেন।
৪. প্রতিটি ছবির সঙ্গে ক্যাপশন, সংক্ষিপ্ত ব্যাখ্যা, আলোকচিত্রীর নাম, নাগরিকত্ব, যোগাযোগের ঠিকানা থাকতে হবে।
৫. অবশ্যই প্রতিযোগীর নিজের তোলা মৌলিক ছবি পাঠাতে হবে।
৬. প্রতিযোগিতার জন্য পাঠানো আলোকচিত্রের বিষয়বস্তু নৈতিকতা-বিরোধী হতে পারবে না। বীভত্স ও সহিংসতাকে উস্কে দিতে পারে এমন আলোকচিত্রও বাতিল বলে গণ্য হবে।
৭. ছবি ও সংক্ষিপ্ত পরিচয় সরাসরি [email protected] পাঠাবেন। অথবা ১০ আগস্টের পর bengali.china.com ওয়েবপেজে নির্ধারিত অংশে আলোকচিত্র আপলোড করতে পারবেন। ছবি পাঠানোর শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর।
