মায়ের গর্ভে সন্তানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক: তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ২০:০৫
 
বুলেটবৃদ্ধ মা ও নবজাতকের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘পুলিশ ইতোমধ্যেই অপরাধীদের শনাক্ত করে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।’ গ্রেফতাকৃতদের দ্রুত বিচারের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘প্রশাসন দল বা মুখ দেখে কাজ করবে না।’
 
সোমবার দুপুরে ওই মা ও তার নবজাতক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দেখতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। তিনি তাদের চিকিত্সার খোঁজখবর নেন এবং তাদের শয্যার পাশে কিছু সময় কাটান। বুলেটাহত মায়ের হাতে তথ্যমন্ত্রী তার পক্ষ থেকে নগদ অর্থের একটি খামও হস্তান্তর করেন।
 
এ সময় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, বিশেষজ্ঞ শিশু সার্জন ডা. আবু হানিফ টাবলুসহ কর্তব্যরত চিকিত্সকরা উপস্থিত ছিলেন।
 

বুলেটবিদ্ধ মা নাজমা এবং তার নবজাতক শিশুর চিকিত্সা ও স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি গুলিবর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় তথ্যমন্ত্রী চিকিত্সক ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের উপর আবারও জনগণের আস্থার নজীর স্থাপন হয়েছে।