সিরিয়ার বিদ্রোহীদের সুরক্ষা দিতে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সিরীয় বিদ্রোহীদের যে কোনো হামলাকারীর হাত থেকে বাঁচাতে এ সুরক্ষা দেয়া হবে।
রবিবার মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ‘এমনকি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী হামলা করলেও বিদ্রোহীরা এ বিমান সুরক্ষা পাবে।’
প্রশিক্ষণপ্রাপ্ত সিরীয় বিদ্রোহীদেরকে আসাদের অনুগত বাহিনী নয় বরং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগাতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে প্রশিক্ষণের জন্য বিদ্রোহী যোদ্ধা বাছাইয়ের ক্ষেত্রে আইএস যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাদের প্রশিক্ষিত বিদ্রোহীদের প্রথম দলকে সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন করেছে। শুক্রবার অন্য একটি জঙ্গি দল তাদের আক্রমণ করলে তাদের রক্ষায় বিমান হামলাও চালিয়েছে।
