এক সপ্তাহের বৃষ্টিপাতে ভারতজুড়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ মানুষ। সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে জানানো হয়, পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে এবং বন্যাজনিত কারণে রাজ্যটির ৪৮ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। রাজ্যটির দুই লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।
ভারতীয় রাজ্যগুলোর মধ্যে বন্যায় পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রাজ্যটির ১০ হাজার গ্রাম বন্যাকবলিত হয়ে প্রায় ৪০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
