সঙ্গীতশিল্পী কর্ণিয়া। রিয়্যালিটিতে আসা এই গায়িকা নিজের গায়কি দিয়ে শ্রোতাদের মাঝে নিজের একটা অবস্থান তৈরি করে নিতে পেরেছেন দ্রুতই। চলতি সময়ে তিনি ব্যস্ত আছেন তার প্রথম একক অ্যালবাম নিয়ে। পাশাপাশি বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন তিনি।
কয়েকদিনের মধ্যেই সিঙ্গাপুরে একটি শো করতে যাবেন কর্নিয়া। নিজের নতুন অ্যালবাম প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘প্রথম অ্যালবামটি সবাই চায় একটু সময় নিয়ে করতে। আমি খানিকটা সময় ও যত্ন সহকারে কাজটি করছি। হয়তো একটু সময় লাগবে। তবে আমি শ্রোতাদের হতাশ করতে চাই না।’
সম্প্রতি একটি নকল মিউজিক ভিডিও নিয়ে সমালোচনায় পড়েন তিনি। তবে নকলের বিষয়ে কর্ণিয়া কিছুই জানেন না বলেন জানান। মিউজিক ভিডিও এই সময়ে এই নকলের অভিযোগ উঠছে অনেকের কাজেই, অনেকে আবার নিজের সস্তা জনপ্রিয়তার আশ্রয় হিসেবে বেছে নিচ্ছেন মিউজিক ভিডিওকে। এ প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘এটা আমার প্রথম মিউজিক ভিডিও ছিল। তবে মিউজিক ভিডিওই জনপ্রিয়তার শেষ আশ্রয় না। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। অনেকের টাকা আছে তারা শখের বসে মিউজিক ভিডিও করছেন। কিন্তু তারা কিন্তু সেই পর্যন্তই।’
রিয়্যালিটি থেকে উঠে আসেন কর্ণিয়া। তবে এসব রিয়্যালিটি শোতে নতুনদের নিয়ে আসলেও দায়বদ্ধতার জায়গাটাতে নেই অনেকেই। সেই জায়গা থেকে কর্ণিয়া বলেন, ‘আমাদের বিষয়ে বলবো আমরা যথেষ্ঠ সাহায্য পেয়েছি। এমনকটি এখন পর্যন্ত আমরা সেই সাহায্যটা সংশ্লিষ্টদের কাজ থেকে পাচ্ছি।’
