ওংখেড়ে স্টেডিয়ামে মুম্বাবু সুপার স্টার শাহরুখ খানের প্রবেশে আনীত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন (এমসিএ)। কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন এমসিএ’র সহ-সভাপতি আশিষ শেলার।
সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ অনুষ্ঠিত এমসিএ’র বৈঠকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কোলকাতা নাইট রাইডারের স্বত্ত্বাধিকারী শাহরুখ খানের ওপর আনীত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। প্রস্তাবটি আমি উত্থাপন করলে আমাদের সভাপতি শারদ পাওয়ার এতে সম্মতি প্রদান করেন। ফলে কমিটির সর্বসস্মত সিদ্ধান্তে এটি অনুমোদন করা হয়। এর ফলে ওংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের প্রবেশে আর কোন বাঁধা রইলো না।’
তিনি বলেন, ‘প্রয়োজনের তাগিদে শাহরুখের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে আমরা মনে করি এটি চালিয়ে যাবার আর প্রয়োজন নেই। কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এটি অনুধাবন করেছেন যে, কারো বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ কারাটা খুব একটা শোভনীয় নয়।’
উল্লেখ্য, ২০১২ সালে মুম্বাইয়ের এই বিখ্যাত স্টেডিয়ামে অশোভন আচরণের জন্য শাহরুখ খানের বিরুদ্ধে ৫ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছিল এমসিএ। স্টেডিয়ামে আইপিএলের একটি ম্যাচ শেষে কোলকাতা নাইট রাইডার্সের স্বত্ত্বাধিকারী শাহরুখ খান এমসিএ কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
