ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকায় সোমবার রাত ১০টায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে তার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। চলে যাওয়ার সময় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
নিহত নুরুল ইসলাম (৩৫) ফতুল্লা রেল স্টেশন এলাকার হানিফ হাজীর ছেলে। ঢাকার পরীবাগে মোতালিব প্লাজায় তার ‘পপুলার ইলেকট্রনিক্স’ নামের একটি মোবাইল ফোনের দোকান রয়েছে। তিনি চীন থেকে মোবাইল আমদানি করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের স্বজনরা জানান, নুরুল ইসলাম ঢাকা থেকে উত্সব পরিবহনের একটি বাসে নারায়ণগঞ্জ ফিরছিলেন। বাসটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকায় পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী বাসটির গতিরোধ করে। পরে তারা বাসে উঠে নুরুল ইসলামকে মারধর করে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। বাসের অন্যান্য যাত্রী ও এলাকাবাসী দ্রুত নুরুল ইসলামকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ডা. আহাম্মদ আলী জানান, গুলিতে নুরুল ইসলামের মৃত্যু হয়েছে।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিনের বরাত দিয়ে তার স্বজন জেলা যুবলীগের সহ-সভাপতি জাকিরুল আলম হেলাল জানান, নুরুল ইসলাম নারায়ণগঞ্জে ব্যবসার টাকা নিয়ে ফিরছিলেন। ওই টাকা নেয়ার জন্যই হয়তো তাকে খুন করা হয়েছে। কারণ তার কোন শত্রু নেই। কাছের কেউ হয়তো টাকার বিষয়টি জানতে পেরে এ ঘটনাটি ঘটিয়েছে।
বাসযাত্রী প্রত্যক্ষদর্শী সাইদ হোসেন জানান, রাত সাড়ে নয়টায় বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। বাসে অন্তত ৪০ জনের মত যাত্রী ছিলেন। পূর্ব থেকে ওত পেতে থাকা অন্তত ১৫ জন দুর্বৃত্ত হঠাত্ করে বাসটি থামিয়ে বাসে উঠে নুরুল ইসলামকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। হত্যাকারীদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।
