মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দায়মুক্তি

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১২:৪৮


অর্থ আত্মসাতের কেলেঙ্কারীর অভিযোগ থেকে দায়মুক্তি পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা তদন্ত শেষে মঙ্গলবার তাকে এই দায়মুক্তি দেয়। খবর বিবিসির।

সংস্থাটি জানিয়েছে, নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক একাউন্টে বিপুল অঙ্গের যে অর্থ পাওয়া গেছে, তা দানের অর্থ।

তবে দাতাদের নাম-পরিচয় এবং কেন তারা এই অর্থ নাজিব রাজাকের একাউন্টে জমা করেছেন তা জানানো হয়নি।

‘১ মালয়েশিয়া ডেভেলপিং বারহাদ’ (১এমডিবি) -এর  তহবিল থেকে নাজিব রাজাকের ব্যক্তিগত একাউন্টে কোটি কোটি ডলার স্থানান্তর করা হয়। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চালায় দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।

তবে প্রথম থেকেই নাজিব রাজাক অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী হিসেবে চিহ্নিত করে সরকারবিরোধীরা তার পদত্যাগের দাবি তোলে।

গত সপ্তাহে মালয়েশিয়া সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী হাজি মুহাইদ্দিন নাজিব রাজাকের সমালোচনা করায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল আবদুল গনি প্যাটাইল, যিনি প্রধানমন্ত্রীর দুর্নীতির অভিযোগ তদন্তের নেতৃত্বে ছিলেন, তাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

২০০৯ সালে নাজিব রাজাক ১এমডিবি প্রতিষ্ঠা করেন। অভিযোগ ওঠে এই কোম্পানির অ্যাকাউন্ট থেকে ৭০০ মিলিয়ন ডলার নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা বলেছে, ৭০০ মিলিয়ন ডলার দাতার জমা করেছে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে। এর সঙ্গে ১এমডিবির কোনো সম্পর্ক নেই।

এদিকে বিরোধী দলগুলো বলছে, প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী এই দুর্নীতিকে চাপা দিয়েছেন। দুর্নীতিবিরোধী সংস্থা তার হয়ে কাজ করছে।