নেত্রকোনায় শিশু হত্যায় যাবজ্জীবন

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১২:৫১
নেত্রকোনায় চার মাসের শিশু রিজাকে আছড়িয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগড়াইল গ্রামের আল আমীনকে (২১) যাবজ্জীবন কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। তবে আসামি পলাতক রয়েছেন। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ মঙ্গলবার এ রায় দেন। 
 
মামলা সূত্রে জানা গেছে, মগড়াইল গ্রামের মৃত নাদু ফকিরের স্ত্রী পারভীন আক্তার গৃহপরিচারিকার কাজ করেন। ২০০৭ সনের ৯ মে পারভিন তার শিশু কন্যা রিজা এবং পুত্র সোবহানকে সাথে নিয়ে পাশের বাড়ির কদ্দুছ মাস্টারের বাড়িতে কাজ করতে যান। সোবহানের কাছে রিজাকে রেখে তিনি গৃহের কাজ করতে থাকার সময়ে পাশের বাড়ির আল-আমীন রিজাকে জোরপূর্বক সোবহানের নিকট থেকে ছিনিয়ে নিয়ে তার দুই পা ধরে খাটের পায়ায় আছড়িয়ে আঘাত করতে থাকে। এই ঘটনা দেখে পারভিন ডাক চিৎকার করতে শুরু করলে আশেপাশের লোকজন রিজাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
আল আমীনকে ধরে কেন্দুয়া থানার পুলিশের নিকট হস্তান্তর করে স্থানীয়রা। ঘটনার দিনই থানায় আল আমীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে ২৭ জুন আদালতে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণান্তে উপরোক্ত রায় প্রদান করেন। 
 
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল কাদির ভুঁঞা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট পূরবী কুন্ড। 
 
কোর্ট সূত্রে জানা গেছে, আসামি জামিনে ছাড়া পেয়ে আর কোনদিন আদালতে হাজির হননি। আসামির অনুপস্থিতিতেই এই শিশু হত্যার রায় প্রদান করা হয়।