সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামে নিজের মেয়েকে বিক্রি করার ভয় দেখিয়ে সাবেক স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
সোমবার তাড়াশ উপজেলার একটি বাজার থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, আটক জামিরুল ইসলাম (৩৬) উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের বাসিন্দা। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, দুই বছর আগে জামিরুলের স্ত্রী নিলুফা খাতুন কাজ নিয়ে দুবাই যান। তাদের সাত বছর বয়সী মেয়েটি তাড়াশের পংরোহালী গ্রামে নানা নওয়াব আলীর বাড়িতেই থাকত। জামিরুল কিছুদিন আগে স্ত্রীকে তালাক দেন।
জানা গেছে, চারদিন আগে দাওয়াত খাওয়ানোর কথা বলে মেয়েকে নানা বাড়ি থেকে নিজের কাছে নিয়ে আসেন জামিরুল। এরপর মেয়েকে দিয়ে নিলুফাকে ফোন করিয়ে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে মেয়েকে বিক্রি করে দেয়ার হুমকি দেন।
নিলুফা তার বাবার বাড়িতে বিষয়টি জানালে গ্রামবাসী কৌশল করে জামিরুলকে তাড়াশের নওগাঁ বাজারে টাকা নেয়ার জন্য আসতে বলেন।
জামিরুল সোমবার সন্ধ্যায় টাকা নিতে গেলে তাকে আটক করে পুলিশে দেয়া হয়।
