মদনে শিক্ষার্থীদের ২ গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৫

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৪:২৯

নেত্রকোণার মদন উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৫ হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের মগড়া নদীর পূর্বপাড় ও পশ্চিম পাড়ের ছাত্রদের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এক পর্যায়ে শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে শিক্ষার্থী তরিকুল ইসলাম, রুমান, আজিজুল, শেখ সাদী, দেলুয়ার, আপেল, দিনার, জামির, আরিফ ও আনোয়ার আহত হন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের প্রভাষক খান মোহাম্মদ হামজা, হারাধন চন্দ্র সাহা, জহিরুল হক আসলাম, প্রদর্শক আজিজুল ইসলাম রুবেল, অফিস সহকারী মোঃ পুতুল মিয়া আহত হন। আহতদের মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম জানান, কয়েকজন ছাত্র নিজেদের মাঝে কলেজ গেইটে বাকবিতণ্ড করছিল। এ সময় কলেজ কর্তৃপক্ষ এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে এরা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। পরবর্তীতে তারা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরো জানান, এ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খুরশীদ শাহরিয়র জানান, ঘটনার পর পরই আমরা স্থানীয় নেতৃবৃন্দ, কলেজ কর্তৃপক্ষ ও আই্ন-শৃংখলা বাহিনীর সাথে আলোচনা করি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মদন থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।