জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, শিশু নির্যাতন মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। পুলিশ প্রশাসন কিংবা সংশ্লিষ্টদের গাফিলতির কারণে শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনা ঘটছে কি না, তা খুঁজে দেখতে হবে।
এই ঘটনায় গাফিলতি ও আসামিদের পালাতে সহায়তার দায়ে বরখাস্ত পুলিশ সদস্যদের ফৌজদারি আইনে বিচার করার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সিলেটের কুমারগাঁওয়ের বাদেআলী এলাকায় রাজনের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানানোর পর সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
মিজানুর রহমান বলেন, রাজন হত্যার বিচার প্রক্রিয়া মানবাধিকার কমিশন পর্যবেক্ষণ করছে।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন।
