মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৬:৪০
 
স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে মধ্যবর্তী নিবার্চনের কোন সম্ভবনা নেই। মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
মোহম্মদ নাসিম বলেন, নির্বাচন নিয়ে সরকারের ওপর আন্তর্জাতিক কোন চাপ নেই। সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে। আমি আপনাদের কথা দিতে পারি যে এর কোনো ব্যত্যয় ঘটবে না।
 
এর আগে অনুষ্ঠিত সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে তিনদিনের কর্মসূচি গ্রহণ করে কেন্দ্রীয় ১৪ দল। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১২ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ১৩ আগস্ট বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আলোচনা সভা। ১৫ আগস্ট সকালে ধানমন্ডিস্থ ৩২-নম্বর রোডের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এছাড়া প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে ১৪ দলকে জাতীয় শোক দিবস উদযাপনের আহ্বান জানানো হয়েছে।