বলিউড ব্লকবাস্টার 'বজ্রঙ্গি ভাইজান' এর মতোই একটি বাস্তব ঘটনা নিয়ে ভারতে হইচই শুরু হয়েছে। গত ১৫ বছর ধরে পাকিস্তানে পড়ে থাকা একটি ভারতীয় নারীকে ফিরিয়ে আনতে ভারতের দিক থেকে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করা হয়েছে।
মূক ও বধীর এক ভারতীয় শিশু পাকিস্তানে গিয়ে হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র ৮ বছর। এর পর কেটে গেছে ১৫ বছর। পাকিস্তানের করাচিতে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে রয়েছেন তিনি। মূক হওয়ার কারণে নিজের নামটাও জানাতে পারেননি তিনি। এর পর স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেই তার নাম রাখা হয় গীতা।
রবিবার এ নিয়ে ভারতের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে যায়। ঘটনা পররাষ্ট্রমন্ত্রীর কানে যাওয়ার পর ওই নারীকে ভারতে ফেরাতে 'বজ্রঙ্গি ভাইজান' এর ভূমিকায় নামেন তিনি।
পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত টিসিএ রাঘবনকে তিনি এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। করাচিতে গিয়ে ওই নারীর সাথে দেখা করে আসার নির্দেশও দেন তিনি।
কোনভাবে দুই দেশের সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তানে ঢুকে গিয়েছিলেন বলেই মনে করা হচ্ছে। শুনতে ও বলতে না পারার জন্য গীতাকে ভারতে ফেরানোর সব চেষ্টা বিফলে যায়। কথা বলতে বা শুনতে না পারলেও ভারতের মানচিত্র দেখে কান্নায় ভেঙে পড়েছিল গীতা।
প্রথমে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দিকে ইশারা করলেও পরে সে তেলেঙ্গানা রাজ্যকে দেখায়। আগের কোনকিছুই সেভাবে তার থেকে জানা যায়নি। এই ঘটনা জানার পরই দ্রুত তৎপরতা দেখান সুষমা স্বরাজ। তবে তিনি বাস্তবের 'বজ্রঙ্গি ভাইজান' হয়ে উঠতে পারবেন কিনা তা সময়ই বলবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া
