নিহত তালেবান শীর্ষ নেতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে গুপ্ত ঘাতকদের দ্বারা নিহত হয়েছেন। আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মোল্লা ওমরের ছেলের নিহত হওয়া সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তবে নিরপেক্ষ সূত্রে খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির আইন সভার সদস্য জাহির কাদির স্থানীয় ডেইলি আউটলুককে জানান, মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব কয়েকদিন আগে নিহত হয়েছেন। তিনি আরো জানান, মোল্লা ওমরের মৃত্যুর পর ইয়াকুব তালেবান নেতা হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রহস্যজনকভাবে তার মৃত্যু হয়।
ধারনা করা হচ্ছে মোল্লা আক্তার মানসুরের অনুসারীরা তাকে হত্যা করেছে। মোল্লা ওমরের মৃত্যুর পর মোল্লা আক্তার মানসুর তালেবানদের নেতা হয়েছেন। আফগানিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল মোল্লা ওমরের ছেলের মৃত্যু সংক্রান্ত রিপোর্ট প্রচার করেছে। তবে তালেবানদের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কেউ মন্তব্য করেননি। সূত্র: এআইএনএস
