চট্টগ্রামে কাবাডি লিগ আয়োজনের উদ্যোগ

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ২২:৩৭
 
চট্টগ্রামে কাবাডি লিগ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। ফুটবলের পাশাপাশি আগামী কয়েক মাস চট্টগ্রামের ক্রীড়াঙ্গন ব্যস্ত থাকবে কাবাডি আয়োজন নিয়ে। মঙ্গলবার সিজেকেএস কাবাডি কমিটির এক সভায় লিগ আয়োজন ছাড়াও রেফারি ট্রেনিং কোর্স, অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২০ আগস্ট থেকে প্রথম বিভাগ কাবাডি শুরুর সূচি নির্ধারণ করে ১৪ আগস্ট আবেদনের শেষ তারিখ এবং ১৮ আগস্টের মধ্যে খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের করার অনুরোধ জানানো হয়। লিগে চট্টগ্রাম জেলার বাইরের কোন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না। লিগের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দু’টি দল পরবর্তী মৌসুমে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
 
গতবারের শীর্ষ আট দলের সমন্বয়ে প্রিমিয়ার লিগও মাঠে গড়াবে তিন সেপ্টেম্বর। দলগুলো হল- চট্টগ্রাম কাস্টমস স্পোর্টস ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফায়ার সার্ভিস স্পোর্টস ক্লাব, আগ্রাবাদ কমরেড ক্লাব, ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব, স্টার ক্লাব, ফ্রেন্ডস ক্লাব ও শহীদ শাহজাহান সংঘ। সর্বনিম্ন স্থান অর্জনকারী দল প্রথম বিভাগে অবনমন হবে। প্রিমিয়ার কাবাডির খেলোয়াড়দের ৩১ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে হবে। ১ম বিভাগের কোন খেলোয়াড় প্রিমিয়ার লীগে অংশগ্রহণ করতে পারবে না। জেলার বাইরের ৪ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। যার মধ্যে প্রতি ম্যাচে ৩ জন খেলতে পারবে।
 
আগামী ৯ থেকে ১৩ আগস্ট ৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে অনুষ্ঠিত হবে রেফারি ট্রেনিং কোর্স। অংশগ্রহণে ইচ্ছুকদের ৭ আগস্টের মধ্যে এক কপি পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণ বায়োডাটা সহকারে সিজেকেএস কার্যালয়ে কাবাডি কমিটির সম্পাদক বরাবরে আবেদন করতে হবে। প্রশিক্ষণ সকাল বিকাল দুই বেলা অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন কাবাডি খেলোয়াড় এবং অপেক্ষাকৃত তরুণ ক্রীড়া শিক্ষকদের অগ্রাধিকার দেয়া হবে।
 
জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে শীঘ্রই সিজেকেএস’র ব্যবস্থাপনায় অনূর্ধ্ব ১৮ বছরের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে ১৫ দিনব্যাপী কাবাডি প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। আগ্রহীদের ১ কপি ছবি ও মোবাইল নম্বরসহ ১০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
 
সংস্থার কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন কাবাডি কমিটির সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এ সময় সিজেকেএস সহ-সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী ও যুগ্ম সম্পাদক আমিনুল ইসলামসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় কাবাডি কমিটির সম্পাদক এ.বি.এম মাহবুবুল আলম উল্লেখিত সকল কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।