পাক-ভারত উত্তেজনা

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ০০:৫২

ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা বাড়ছে। গতকাল মঙ্গলবার বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এতে দুই দেশের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন। কে প্রথম গুলি চালিয়েছে তা নিয়ে দুই দেশ পূর্বের মতো একে অপরের ওপর দোষ চাপাচ্ছে। গত ১০ জুলাই রাশিয়ায় দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হওয়ার পর এ নিয়ে কয়েকবার সীমান্তে উত্তেজনার সৃষ্টি হলো। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ বলেছেন, লাইন অব কন্ট্রোলে যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী।

 
টাইমস অব ইন্ডিয়া টেলিভিশন টাইমস নাউ’র রিপোর্টের উদ্ধৃতি দিয়ে জানায়, জম্মু ও কাশ্মীরের পার্গোয়াল সেক্টরে পাকিস্তানের সীমান্ত বাহিনীর গুলিতে ভারতের এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সেনারা সীমান্তের ১২টি পোস্ট লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করে এবং গুলি চালায়। ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফও পাল্টা গুলি চালায়। বিএসএফের একজন মুখপাত্র বলেন, পাকিস্তানের রেঞ্জারস থেকে জম্মু জেলার কনাচক এবং পার্গোয়াল সেক্টরে ছোট অস্ত্র এবং মর্টার শেল নিক্ষেপ করা হয়। তারা ১২টি সীমান্ত পোস্ট লক্ষ্য করে এই হামলা চালায়। এর মাধ্যমে পাকিস্তান গত আগস্ট থেকে আটবার যুদ্ধবিরতি লঙ্ঘন করলো। গত রবিবার এবং সোমবার পাকিস্তানি সেনারা চারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আর পহেলা আগস্ট দুইবার কোনো উস্কানি ছাড়াই গুলি চালায়। জুলাইতেও এই চুক্তি লঙ্ঘন করা হয়।
 
ডন গতকাল এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের শিয়ালকোট জেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে অন্তত দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে যাদের মধ্যে একজন কিশোর (১৪) রয়েছে। আহত হয়েছে ১৪ জন। নিহত আরেকজনের বয়স ২২ বছর। সেখানে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে।
 

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে গতকাল জানানো হয়েছে, কোনো উস্কানি ছাড়াই সুখিয়াল গ্রামের পুখলিয়ান এবং বাজওয়াত সেক্টরে হামলা চালায় ভারতীয় সেনারা। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পরে পাকিস্তানি সেনারাও পাল্টা জবাব দেয়। ২০০৩ সালে দুই দেশের সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু এরপর বহুবার সেই চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। যদিও কেউই এর দায় স্বীকার করেনি। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বেসামরিক নাগরিক নিহত হওয়ার নিন্দা জানিয়েছে। পাকিস্তান এ নিয়ে ভারতের কাছে প্রতিবাদও জানিয়েছে।