আগামী ৮ আগস্ট শনিবার নিউইয়র্কে এক কনসার্টে অংশ নিচ্ছে বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড দল ‘লাভ রান্স ব্লাইন্ড (এলআরবি)। এদিন নিউইয়র্কের ইয়র্ক কলেজে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠেয় কনসার্ট সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এর আয়োজক বাংলাদেশি মালিকানাধীন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইনফিনিটি মিডিয়া গ্রুপ।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়হান জামান ইত্তেফাককে জানান, দলনেতা ও তারকা শিল্পী আইয়ুব বাচ্চুর নেতৃত্বে চার সদস্যের এই ব্যান্ড দলটির স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে পৌঁছার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে রায়হান জামান জানান, দীর্ঘ ১১ বছর পর যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে আসছে এলআরবি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে তারা। ৮ আগস্ট জ্যামাইকার ইয়র্ক কলেজের সুপরিসর অডিটোরিয়াম থেকে শুরু হবে এলআরবি’র এই সঙ্গীত সফর।
তিনি বলেন, ইতোমধ্যে এলআরবি’র কনাসার্ট নিউইয়র্কে সঙ্গীতপিপাসুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে নিউইয়র্কের তরুণরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই কনসার্টটির জন্য।
সাংবাদিক সম্মেলনে ইনফিনিটি মিডিয়া গ্রুপের মার্কেটিং ডিরেক্টর কামাল হোসেন মিঠু জানান, প্রায় এক যুগ পর যুক্তরাষ্ট্র সফর করছে এলআরবি। এখানকার সঙ্গীতপ্রেমীরা এলআরবিকে পেয়ে খুশিই হবে। কনসার্ট উপভোগ করতে প্রবেশমূল্য রাখা হয়েছে।
গত বছরের ১২ অক্টোবর ইয়র্ক কলেজের একই মঞ্চে কোলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য্যের সঙ্গীত সন্ধ্যা আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে অনলাইন গিফট শপ উত্সব ডটকমের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি মিডিয়া গ্রুপ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও দলনেতা আইয়ুব বাচ্চু বলেন, দীর্ঘ ১১ বছর পর এলআরবি যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যাচ্ছে। প্রাথমিকভাবে সাতটি শহরে গান করার কথা রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, ‘দীর্ঘ সময় পর নিউইয়র্কে যাচ্ছি। এলআরবি ভক্তদের গানের মূর্ছনায় মাতিয়ে রাখার চেষ্টা করবো।’
১৯৯০ সালের ৫ এপ্রিল তারকা ব্যান্ড এলআরবি যাত্রা শুরু করে। শুরুতে ব্যান্ডটির নাম রাখা হয়েছিল লিটল রিভার ব্যান্ড (এলআরবি)। পরে এই নামটি পরিবর্তন করে রাখা হয় লাভ রান্স ব্লাইন্ড। মাধবী ও হকার নামে একটি ডাবল অ্যালবাম দিয়ে ব্যান্ড দলটির যাত্রা শুরু। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম কোনো ডাবল অ্যালবাম। ‘চলো বদলে যাই’ এলআরবি’র সবচেয়ে জনপ্রিয় গান।
-
