কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন দুইটি বিভাগ

আপডেট : ০৫ আগস্ট ২০১৫, ১৪:২৬
 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ থেকে নতুন দুইটি বিভাগ ও একটি অনুষদ চালু হচ্ছে। নতুন শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন অনুষদ খুলে তার অধীনে চালু হচ্ছে আইন বিভাগ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বুধবার বিষয়টি দৈনিক ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
 
জানা যায়, ইতিমধ্যেই বিভাগ দুটিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। নতুন দুটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগের সংখ্যা দাঁড়াচ্ছে ১৯টি ও অনুষদ হচ্ছে ছয়টি। চলতি শিক্ষাবর্ষে ৯১০ জন শিক্ষার্থী ভর্তি করা হলেও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১০০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। বর্তমানে ৪৭৫৬ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে অধ্যায়ন করছেন।
 

এদিকে বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সন্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৪২ তম একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। তবে ভর্তি পরীক্ষার জন্য আবেদনের পদ্ধতি ও সময়সীমার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা যায়। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ওয়েব সাইট (www.cou.ac.bd) এ পাওয়া যাবে।